খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপির শোক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এক যৌথ শোকবার্তায় এই শোক প্রকাশ করেন।শোকবার্তায় বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রদূত ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর সকাল ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও অনন্য।শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ, দমন ও ষড়যন্ত্রের শিকার হলেও তিনি কখনও নিজের আদর্শ, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের প্রশ্নে আপোষ করেননি। তাঁর সাহস, দৃঢ়তা ও জনগণের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।নেতৃদ্বয় বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম কেবল একটি সময়ের ঘটনা নয়; এটি গণতন্ত্রের প্রতি অটল থাকার শিক্ষা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, অনুসারী ও দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading