গণমাধ্যমে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ে জাতীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ে জাতীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:৩০

গণমাধ্যম প্রতিষ্ঠানে এবং এতে পরিবেশিত সংবাদে ন্যায্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তি ও সকল লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের সমান অধিকার, সুযোগ, উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে একটি বাস্তবভিত্তিক নির্দেশিকা প্রয়োজন । এই নির্দেশিকা তৈরির ধাপ হিসেবে, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো একটি কর্মশালা, যেখানে ‘গণমাধ্যমে লিঙ্গ বৈচিত্র্য ও প্রতিবন্ধিতা বিষয়ক নীতিমালা’ প্রণয়নের ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করা হয় । বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এই কর্মশালাটি আয়োজন করেছে ।

কর্মশালায় অংশ নেন বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, প্রতিবেদক, বার্তা সম্পাদনায় যুক্ত কর্মী, মানবসম্পদ বিভাগের প্রতিনিধি ও সাংবাদিক সংগঠনের সদস্যরা । কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রতিবন্ধিতা, লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষ সম্পর্কে স্পষ্ট ধারণা, গণমাধ্যমে তাঁদের অংশগ্রহণে বাধা ও অতিক্রমের উপায়সহ, বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ লাভ করেন । এছাড়া, গণমাধ্যমে লিঙ্গ বৈচিত্র্য ও প্রতিবন্ধিতা বিষয়ক নীতিমালা প্রণয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয় ।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “এখনো অধিকাংশ সংবাদপ্রতিষ্ঠানে প্রতিবন্ধিতা ও লিঙ্গবৈচিত্র্য বিষয়ক স্পষ্ট নীতিমালা নেই, ফলে সংবাদ উপস্থাপনা, নিয়োগ, কর্মপরিবেশ এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি যথাযথভাবে প্রতিফলিত হয় না । তিনি আরও বলেন, “কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতেই চূড়ান্ত নির্দেশিকাটি প্রণয়ন করা হবে, যা গণমাধ্যমকর্মীদের জন্য একটি বাস্তবমুখী সহায়ক নথি হিসেবে ব্যবহৃত হবে” ।

অংশগ্রহণকারীরা বলেন যে, অন্তর্ভুক্তি ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয় । গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও লিঙ্গবৈচিত্র্য সম্পন্ন মানুষের অন্তর্ভুক্তি নিশ্চিত করা উচিৎ । বৈষম্য সৃষ্টিকারী কারণগুলো পরিবর্তন করার কোন বিকল্প নেই ।

কর্মশালা-সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন জেন্ডার বিশেষজ্ঞ সানাইয়া ফাহীম আনসারী । তিনি তাঁর আলোচনায় পলিসি চর্চার বিষয়ে গুরুত্ব দেন । এই কর্মশালায় অংশগ্রহণকারীরা গণমাধ্যমে লিঙ্গবৈচিত্র্য ও প্রতিবন্ধিতা বিষয়ক নীতিমালায় কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করেন । এছাড়া সংবাদমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও সব লিঙ্গ পরিচয়ের মানুষের ন্যায্য উপস্থাপনা ও তাঁদের প্রতিনিধিত্ব, প্রবেশগম্য সংবাদ প্ল্যাটফর্ম, নিয়োগ, মানবসম্পদ ও কর্মপরিবেশে অন্তর্ভুক্তিমূলক নীতি, ভাষা ব্যবহারে সুস্পষ্ট নির্দেশনা, তদন্তধর্মী ও বিশ্লেষণমূলক প্রতিবেদনের প্রসার, ডিজিটাল নিরাপত্তা, অভিযোগ প্রতিকার এবং মানবাধিকারভিত্তিক গল্প বলার কাঠামো—এসব বিষয় নিয়েও আলোচনা করা হয় ।

ইউনেস্কোর সহায়তায় ভয়েস ‘লিঙ্গ ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির মাধ্যমে গণমাধ্যমে বৈচিত্র্য’ শীর্ষক প্রকল্প নিয়ে কাজ করছে । এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গণমাধ্যমে প্রতিবন্ধিতা ও লিঙ্গসমতা বিষয়ক একটি ব্যবহারিক নির্দেশিকা তৈরি করা, যা গণমাধ্যমকর্মীদের দিকনির্দেশনা প্রদান করবে ।

কর্মশালায় ডিবিসি নিউজ, আইপি নিউজ, দ্য ডেইলি অবজারভার, দ্য পোস্ট, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বিবিসি বাংলা মিডিয়া একশন, সময় টিভি, বাংলাভিশন, ঢাকা পোস্ট এবং দৈনিক সংবাদের প্রতিনিধিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ।

ইউডি/কেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading