ইন্ডিয়ার সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের শিরোনাম নিয়ে সারজিসের ক্ষোভ

ইন্ডিয়ার সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের শিরোনাম নিয়ে সারজিসের ক্ষোভ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১২:৩৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইন্ডিয়ান কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, জামায়াত আমিরের সাথে ইন্ডিয়ান দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামায়াত আমির প্রতিউত্তরে বলেন- ‘দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে। এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে।’

সারজিস বলেন, এই তথ্য জামায়াত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান। তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে।
অথচ আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি, গোষ্ঠী, দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউজ শিরোনাম করেছে- ‘জামায়াত আমিরের সাথে ইন্ডিয়ার গোপন বৈঠক!’ এই হইলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা! এমন অনেক মিডিয়া হাউজ আগে এভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সার্ভ করত এখন আবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন ঠিকানা খোঁজা শুরু করেছে!

এর আগে ইন্ডিয়ার সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এই পোস্ট দেন তিনি।

জামায়াত আমির লিখেন, ‘গতকাল (৩১ ডিসেম্বর) দেয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ইন্ডিয়া যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না।’

তিনি আরও বলেন, ‘আমি তখন বলেছিলাম, বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনৈতিকরা যেমন এসেছেন, তেমনি তখন ইন্ডিয়ার দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।’

ডা. শফিকুর রহমান লিখেন, ‘আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সবার বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেয়ার অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।’

ভবিষ্যতে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ইন্ডিয়ার সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading