বিএনপির উদ্দেশে যা বললেন রুমিন ফারহানা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৪০
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। এ আসনে দাখিল করা মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রই যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি কাজ করেছেন এবং যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, তা নিজের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়েও বড় হলেও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালের সংসদে যোগ দেওয়ার পর থেকে তার ভূমিকা সবারই জানা। ২০২২ সালের ডিসেম্বরে দল যখন তাকে পদত্যাগ করতে বলেছে, তখন এক মুহূর্তও দ্বিধা না করে তিনি তা মেনে নিয়েছেন। দল যদি নতুন নেতৃত্বকে সামনে আনতে চায়, সেটিকে তিনি স্বাগত জানান বলেও উল্লেখ করেন। দল যদি মনে করে তার আর সেবার প্রয়োজন নেই, তাতেও তার আপত্তি নেই বলে জানান তিনি। রুমিন ফারহানা বলেন, তিনি নিজের রাজনৈতিক পথচলা অব্যাহত রাখবেন।
তিনি বলেন, কিছু এলাকায় তার কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মামলা দেওয়ার হুমকির কথাও শোনা যাচ্ছে। এমন কিছু ঘটলে তিনি তা প্রশাসনকে অবহিত করবেন। নির্বাচনে প্রভাব ফেলে বা নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করে—এমন কোনো ঘটনা ঘটলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলেও জানান।
উল্লেখ্য, জোটগত সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় বিএনপি।
ইউডি/এআর

