আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৪০
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের কাবকান জেলায় প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
হেরাতের গভর্নরের মুখপাত্র ইউসেফ সাঈদি বার্তা সংস্থা এএফপিকে জানান, দীর্ঘ কয়েক মাস শুষ্ক আবহাওয়ার পর গত সোমবার থেকে হেরাতের বিভিন্ন জেলাসহ কাবকান এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। টানা ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার সেখানে আকস্মিক বন্যা দেখা দেয়, যা ব্যাপক প্রাণহানির কারণ হয়।
এদিকে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের মুখপাত্র মোহাম্মদ ইউসেফ হামাদ জানিয়েছেন, গত কয়েক দিন ধরে দেশটির উত্তর, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এই দুর্যোগে ইতোমধ্যে কয়েক শ’ গৃহপালিত পশু মারা গেছে এবং কমপক্ষে ১ হাজার ৮০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামাদ আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা ক্ষয়ক্ষতির হিসাব নিতে কাজ করছেন। দুর্গত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তা দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মতো আফগানিস্তানেও সাম্প্রতিক বছরগুলোতে খরা, অতিবৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত ঘটছে। দীর্ঘদিনের গৃহযুদ্ধের ফলে দুর্বল অবকাঠামো, বনজঙ্গল উজাড় এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এসব দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতির জন্য দায়ী বলে মনে করছেন তারা।
সূত্র: এএফপি
ইউডি/এআর

