ইরান যুদ্ধ: প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ইরান যুদ্ধ: প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকা-ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কুয়েত। প্রায় দু’মাস পর গতকাল বৃহস্পতিবার আকাশীমা পুনরায় খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের উপাসাগরীয় অঞ্চলের এই তেলসমৃদ্ধ দেশটি।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংস্থার মহাপরিচালক হামৌদ মুবারক দেশের আকাশসীমা খুলে দেওয়ার প্রসঙ্গে বলেন, “আঞ্চলিক পরিস্থিতিগত কারণে গত ২৮ ফেব্রুয়ারি আমরা কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছিলাম। আজ তা আবার খুলে দেওয়া হলো। শিগগিরই বিমানবন্দর তার পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরে যাবে। আমাদের আজকের এই পদক্ষেপটি হলো সেই পর্যায়ে যাওয়ার সুচিন্তিত এবং প্রথম পদক্ষেপ।”

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে আমেরিকার সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

আমেরিকা-ইসরায়েলের অভিযানের প্রথম দিনই নিহত হন খামেনিসহ ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান।

গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে। তার আগ পর্যন্ত কুয়েতের বিমানবন্দরে কয়েক বার ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত এসেছে।

কুনা নিউজ এজেন্সিকে মুবারক জানান, ইরানের হামলায় কুয়েতের বিমানবন্দরের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কর্তৃপক্ষ সেসব লোকসান যাচাই এবং নথিবদ্ধ করার কাজ সম্পূর্ণ করেছে।

বিমানবন্দর বন্ধ থাকার সময় কুয়েতের বিমানগুলো নিজেদের বিমানবন্দরে রাখার অনুমতি দিয়েছিল সৌদি। এজন্য রিয়াদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামৌদ মুবারক।

সূত্র: আনাদোলু এজেন্সি

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading