স্বাস্থ্য ক্যাডারের ৩৫৭ সহকারী সার্জনের স্থায়ীকরণ ও পদোন্নতিতে শর্ত শিথিল
উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৬:৫০
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৩৫৭ জন সহকারী সার্জনের স্থায়ীকরণ ও পদোন্নতি সংক্রান্ত একাধিক শর্ত শিথিল করেছে সরকার। এ জন্য ‘বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস, ১৯৮১’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’-তে দেওয়া ক্ষমতাবলে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শক্রমে এই সংশোধনী আনা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৩ সালের ১২ মার্চ বা তার আগে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে অন্তর্ভুক্ত এসব সহকারী সার্জনকে আর স্থায়ীকরণের জন্য ভিত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ বা বিভাগীয় পরীক্ষায় অংশ নিতে হবে না।
একই সঙ্গে স্থায়ীকরণের পূর্বশর্ত হিসেবে নির্ধারিত দুই বছরের শিক্ষানবিশকাল বা প্রবেশন সম্পন্ন করার বাধ্যবাধকতা থেকেও তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া, স্থায়ী হওয়ার পর ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা বেতনস্কেলের প্রারম্ভিক বেতনভুক্ত কোনো নির্দিষ্ট পদে পদোন্নতির ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ শিথিল করা হবে। ফলে পদোন্নতির পথে বিদ্যমান একটি যোগ্যতা শর্ত এসব সহকারী সার্জনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ইউডি/এআর

