মাদুরোকে বন্দি করায় যে প্রতিক্রিয়া জানাল চীন-রাশিয়া

মাদুরোকে বন্দি করায় যে প্রতিক্রিয়া জানাল চীন-রাশিয়া

উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৪৩

সামরিক অভিযান চালিয়ে আমেরিকা যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘জোরপূর্বক বন্দি’ করে নিয়ে গেছে, তাতে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ ঘটেছে বলে মন্তব্য করেছে চীন।

এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

রবিবার (৪ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়।

একইভাবে, রাশিয়াও ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও স্ত্রীসহ মাদুরোকে আটক করে আমেরিকায় নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

আমেরিকাকে তাদের অবস্থান ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সেইসঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাও বলা হয়েছে, সমস্যা সমাধানে ভেনেজুয়েলা ও আমেরিকার মধ্যে একটি ‘সংলাপ’ হওয়া দরকার।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘স্বাধীন সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট’ অভিহিত করে তার ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া।

এদিকে নিকোলাস মাদুরোর আটক নিয়ে ব্রিটেন ‘চোখের জল ফেলবে না’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেইর স্টারমার।

তবে সামরিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কি-না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে, জি-সেভেন গ্রুপের দেশ হিসেবে জাপান তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

মার্কিন হামলার প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলায় ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভেনেজুয়েলার পরিস্থিতি স্থিতিশীল করার’ বিষয়ে তারা সমর্থন দিচ্ছেন।

তবে কড়া ভাষায় ভেনেজুয়েলায় হামলার বিরোধিতা করেছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ‘অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সব ধরনের বিদেশি হস্তক্ষেপের পাশাপাশি হুমকি বা বলপ্রয়োগের বিরোধিতা করে’। সূত্র: বিবিসি

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading