রিটার্নিং অফিসারদের ভূমিকা নিয়ে জামায়াতের উদ্বেগ
উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে কিছু রিটার্নিং অফিসারের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও কাগজপত্র দাখিলের পরও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়—এমন তুচ্ছ বিষয় দেখিয়ে উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা হচ্ছে।
রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে এমপি পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। এই প্রক্রিয়ায় কোনো কোনো জেলার রিটার্নিং অফিসারদের আচরণে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও কোথাও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি বলেন, যেসব বিষয় রিটার্নিং অফিসারের ব্যক্তিগত এখতিয়ারের আওতায় পড়ে বা ব্যক্তি বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ ছিল, সেসব ক্ষেত্রেও অযথা কঠোর নীতি অনুসরণ করা হয়েছে। এর ফলে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। প্রদত্ত তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করা কোনোভাবেই সমীচীন নয়।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়—এমন অপ্রয়োজনীয় ও অহেতুক বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। তার ভাষায়, “আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে, কোনো একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে।”
তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে—সে প্রশ্ন দেশবাসীর সামনে বড় হয়ে দেখা দেবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে রিটার্নিং অফিসাররা যেন গুরুত্বহীন বিষয়ে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না করেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতিও তিনি আহ্বান জানান।
সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ইউডি/এআর

