শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি, খোঁজ নিলেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:২০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে সাদা কাপড়সহ একটি চিঠি পাঠানো হয়েছে। এতে তার নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ পেয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে প্রাপ্ত চিঠির খামের সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরো সংযুক্ত ছিল, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে। চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫। কথিত ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর পরিচয়ে মুমিনুল আলম নামে এক ব্যক্তির স্বাক্ষরে লেখা হয়, ‘আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।’
ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শাহজাহান চৌধুরী জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তবে বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।
উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উখিয়া এলাকায় সভা করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় নির্বাচন কমিশনার হুমকির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
ইউডি/এআর

