এবার সিরিয়ায় হামলা চালাল ব্রিটেন-ফ্রান্স
উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:৪৫
ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ব্যবহৃত সিরিয়ার একটি ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারে যৌথ বিমান হামলা চালিয়েছে ব্রিটেন ও ফ্রান্স।
শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে চালানো এই অভিযানে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবিসির খবরে বলা হয়, সফল অভিযান শেষে অংশগ্রহণকারী সব যুদ্ধবিমান নিরাপদে নিজ নিজ ঘাঁটিতে ফিরে এসেছে।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে কর্মকর্তারা নিশ্চিত হন যে ওই স্থাপনাটিতে আইএসের অস্ত্র ও বিস্ফোরক মজুত রয়েছে।
লক্ষ্যবস্তুটি সিরিয়ার মধ্যাঞ্চলের প্রাচীন নগর পালমিরার ঠিক উত্তরে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে ব্রিটেনের যুদ্ধবিমানগুলো ‘পেভওয়ে ফোর’ নির্দেশিত বোমা ব্যবহার করে স্থাপনাটির সঙ্গে যুক্ত একাধিক ভূগর্ভস্থ সুড়ঙ্গ লক্ষ্য করে হামলা চালায়।
প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে।ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি অভিযানে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে বলেন, ‘এই অভিযানে জড়িত আমাদের সব সদস্যকে তাদের পেশাদারিত্ব ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই।’
হামলায় ব্রিটেনের টাইফুন এফজিআর-৪ যুদ্ধবিমানগুলোকে সহায়তা দেয় আকাশপথে জ্বালানি সরবরাহকারী ভয়েজার ট্যাংকার বিমান।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৯ সালে বাঘুজ যুদ্ধে আইএস পরাজয়ের পর থেকে গোষ্ঠীটির পুনরুত্থান ঠেকাতে ব্রিটিশ বিমান বাহিনী নিয়মিতভাবে সিরিয়ার আকাশে টহল কার্যক্রম পরিচালনা করে আসছে।
উল্লেখ্য, গত মাসেও মার্কিন সেনাবাহিনী সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায়। পালমিরায় এক সন্ত্রাসী হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ওই অভিযান পরিচালনা করে।
ইউডি/এআর

