ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ডে নজর ট্রাম্পের!
উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, আপডেট ২০:০২
ভেনেজুয়েলার ঘটনাপ্রবাহের পর এবার গ্রিনল্যান্ডকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাম্প্রতিক বক্তব্যে প্রশ্ন উঠেছে—পরবর্তী লক্ষ্য কি গ্রিনল্যান্ড?
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘জাতীয় স্বার্থের জন্য আমেরিকার গ্রিনল্যান্ড প্রয়োজন।’
তিনি আরও দাবি করেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডেনমার্ক তা ঠেকাতে পারবে না।
ট্রাম্পের এই মন্তব্যের আগেই একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্রিনল্যান্ডের একটি মানচিত্র পোস্ট করেন তার ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার। মানচিত্রটিতে আমেরিকার পতাকার রং ব্যবহার করা হয় এবং সেখানে লেখা ছিল—‘শিগগিরই’, যা নতুন করে জল্পনার জন্ম দেয়।
এদিকে ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ড দখলের হুমকি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, আমেরিকার জন্য গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন—এ ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই।
তিনি আরও বলেন, ড্যানিশ কিংডমের অন্তর্ভুক্ত তিনটি ভূখণ্ডের কোনোটি দখল করার অধিকার আমেরিকার নেই। গ্রিনল্যান্ড ডেনমার্কের সার্বভৌম ভূখণ্ড এবং এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই বলেও স্পষ্ট করে জানান তিনি।
ট্রাম্পের এই মন্তব্য ও সংশ্লিষ্ট কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউডি/এআর

