বিমান টিকিট সিন্ডিকেট: নতুন অধ্যাদেশকে বড় বাধা বললেন উপদেষ্টা
উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৯:৪৫
বিমান টিকিটের সিন্ডিকেট ও দুর্বৃত্তায়ন ঠেকাতে জোরালো বাধা তৈরি করবে ‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’—এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে ‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, ‘মূলত মধ্যপ্রাচ্যগামী আমাদের যে যাত্রীরা আছেন, তারা একটা ব্যাপক প্রতারণার শিকার হন এবং এই প্রতারণাকে বারিত করার উদ্দেশ্যেই আমরা এই অধ্যাদেশ করেছি।’
উপদেষ্টা বলেন, ‘নতুন অধ্যাদেশে আমরা এয়ার অপারেটর, জিডিএস, এনডিসি, ট্রাভেল জিএসএ এবং ট্রাভেল এজেন্ট সকলকে সম্পৃক্ত করে একটা জবাবদিহিতামূলক অবস্থার সৃষ্টি করার চেষ্টা করেছি। যে সিন্ডিকেশন যে যে-ভাবে হতো, মানে দুর্বৃত্তমূলক কর্মকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের দুর্বৃত্তায়নের কাজকে আমরা জটিল করে দিয়েছি। যে তারা যেন আর এই জিনিসগুলো এত সহজে করতে না পারে।’
‘তারা যে যে উপায়গুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এই দুর্বৃত্তায়নের সিন্ডিকেশন করতো, সেটাকে আমরা বন্ধ করার প্রাণান্ত চেষ্টা করেছি।’
শেখ বশিরউদ্দীন বলেন, আমরা অংশীজনদের সাথে আলোচনা করেছি, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেছি। করে আমরা (অধ্যাদেশের মাধ্যমে) এমন একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছি যেখানে সিন্ডিকেশন হওয়ার ক্ষেত্রে যত বড় প্রতিবন্ধকতা তৈরি করা যায়, আমরা সকল প্রতিবন্ধকতা তৈরি করেছি।’
ইউডি/এআর

