খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা পাকিস্তানের প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, আপডেট ২০:৫০
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ।
সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
পোস্টে বলা হয়, পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, তার দলীয় সহকর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
একই সঙ্গে তিনি আল্লাহর কাছে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সে সময় তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তিনি ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরদিন বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
ইউডি/এআর

