মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা
উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, আপডেট ২১:৩০
আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে এটি নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু করে চালানো হামলা কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারের কোনো সদস্য বাসভবনে উপস্থিত ছিলেন না। হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে স্থানীয় পুলিশ।
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, হামলাকারী বাসভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ওহাইওতে ভ্যান্সের বাসভবনের জানালার কাঁচ ভাঙা দেখা গেছে।
জানালাগুলো কীভাবে বা কী কারণে ভেঙেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।আইনপ্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা জানান, আটক ব্যক্তির লক্ষ্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অথবা তার পরিবারের সদস্যরা ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাটি ঘটে ৫ জানুয়ারি রাতে।
ফক্স নিউজের প্রতিবেদনে সিনসিনাটি পুলিশের ডিসপ্যাচারের বরাতে জানানো হয়, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস স্থানীয় পুলিশকে সহায়তার জন্য ডাকে।
ওই সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা একজন ব্যক্তিকে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখেন। পরে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হামলার প্রকৃত উদ্দেশ্য এবং আটক ব্যক্তির পরিচয় সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউডি/এআর

