‘পাতানো নির্বাচন দেশকে আবার ধ্বংসের দিকে নিয়ে যাবে’
উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৮:০০
আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ‘ঝুঁকে’ পড়েছে, প্রশাসন যেভাবে ‘আনুগত্য’ দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তার মতে, এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ডা. তাহের বলেন, ইইউকে জানানো হয়েছে, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত।
তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে।একই সঙ্গে, আসন্ন নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, এনসিপিকে ১০ আসনে ছাড় দেওয়ার যে খবর রটেছে, সেটিকে ‘কাল্পণিক’ দাবি করেছেন এই জামায়াত নেতা।পাশাপাশি, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা শিগগিরই হচ্ছে বলে জানান ডা. তাহের।
ইউডি/এআর

