যৌথ বাহিনীর অভিযান: আট দিনে আটক ১৭১
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৯ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:২৫
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে গত আট দিনে ১৭১ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ মোট ১৭১ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৯টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১০টি ককটেল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এদিকে, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান চালিয়ে যাচ্ছে।
পাশাপাশি, শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
একইসঙ্গে, কোনো এলাকায় সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ইউডি/এআর

