হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান

হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১২:৫৫

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট সফরে যাবেন। সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন।

গতকাল শনিবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ভোটের প্রচার শুরুর বিষয়ে গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, সামনে নির্বাচন আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ (২২ জানুয়ারি) থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।

ভোটের প্রচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপির চেয়ারম্যান। তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে ২২ জানুয়ারি। এর অংশ হিসেবে তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার সূচনা করবেন। পরে সিলেট থেকে সড়কপথে তিনি ঢাকায় ফিরবেন। ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা-জনসভায় অংশ নেবেন।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর তিনি শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখবেন।

ঐতিহ্যগতভাবেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করে বিএনপি।এর আগে গত শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিতের কথা জানানো হয়। এদিনই তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন।

দলের স্থায়ী কমিটির এই বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সফরের নতুন সময়সূচি জানানো হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading