আমিরাত প্রেসিডেন্টের মহানুভবতায় দেশে ফিরলেন ২৫ বাংলাদেশি
উত্তরদক্ষিণ। শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, আপডেট ১৯:৩০
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটিতে দণ্ডপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশি নাগরিককে ক্ষমা করে দিয়েছেন।
রবিবার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে ইউএইতে আটক ও পরবর্তীতে দেশটির আদালতে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্ষমার আবেদন জানানো হয়েছিল।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেন আমিরাতের প্রেসিডেন্ট।দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত সব বাংলাদেশি ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। এই মানবিক সিদ্ধান্ত আবারও ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদারতা ও মানবিকতার প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই ২০২৪-এ বাংলাদেশে সংঘটিত আন্দোলনের প্রেক্ষাপটে ইউএইতে অবস্থানকালে বিভিন্ন সময়ে এসব প্রবাসী বাংলাদেশিকে আটক করা হয়।
ইউএই দূতাবাসের মতে, এই ক্ষমা প্রদর্শন দেশটির নেতৃত্বের সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের পাশাপাশি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
উল্লেখ্য, এর আগেও ইউএই প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে দেশটিতে সাজাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের ক্ষমা করেছেন।
বিরল প্রতিবাদ কর্মসূচির কারণে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের মুক্তির ক্ষেত্রেও এর আগে এমন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছিল, যা ইউএই সরকারের মানবিক দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে।
ইউডি/এআর

