ঢাকায় এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ২৩:৫৫

বাংলা‌দে‌শে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানিয়েছেন মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় আসেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তার সঙ্গে স্ত্রী ডিয়ান ডাও ঢাকায় এসেছেন।

ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে আমেরিকার ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা সম্মানের বিষয়। আমি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আগ্রহী।

রাষ্ট্রদূত আরও বলেন, আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।

কূটনৈতিক সূত্র জানায়, চল‌তি সপ্তা‌হে পরিচয়পত্র পেশের মধ্যদিয়ে ঢাকা মিশন শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী দুই দিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরল ইসলামের সঙ্গে বৈঠক করে প‌রিচয়পত্র পে‌শের প্রস্তুতি নেবেন।

এরপর আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়া‌রি) রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দি‌নের কা‌ছে প‌রিচয়পত্র পেশ কর‌বেন।

গত ৯ জানুয়া‌রি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। এরপর ক্রিস্টেনসেনকে স্বাগত জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ব‌লেন, বাংলা‌দে‌শের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই।

প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।

ডোনাল্ড ট্রা‌ম্প প্রশাস‌নের ম‌নোনী‌তি রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঢাকায় আমেরিকার ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন আমেরিকার ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ঢাকায় মার্কিন দূতাবাসে আগে কাজ করার অভিজ্ঞতা আছে তার।মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় আমেরিকার ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি ঢাকায় দায়িত্ব পালন করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading