বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য সুখবর
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ২১:০০
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ করেছে ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’। ২০২৬ সালের এই সূচকে বাংলাদেশের পাসপোর্টের মানের কিছুটা উন্নতি হয়েছে। গত বছরের তুলনায় পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৫-তম।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্যমতে, ২০২৫ সালে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০০-তে। সেখান থেকে ৫ ধাপ এগিয়ে বর্তমানে ৯৫-তম স্থানে উঠে এসেছে লাল-সবুজ পাসপোর্ট। বর্তমান র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা এখন বিশ্বের ৩৭টি দেশে আগাম ভিসা ছাড়াই (ভিসা-মুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা) ভ্রমণ করতে পারবেন।
তালিকার নাইজার ও আলজেরিয়ার সঙ্গে ৮০ নম্বরে অবস্থান করছে ভারত। আর বাংলাদেশেরও তিন নম্বর পর অর্থাৎ ৯৮ নম্বরে অবস্থান পাকিস্তানের। নেপালের অবস্থান পাকিস্তানের ওপরে আর বাংলাদেশের এক ধাপ নিচে। অর্থাৎ তাদের অবস্থান ৯৬-তে। পাকিস্তানের পরে অবস্থান ইরাক আর সিরিয়ার পাসপোর্টের। তালিকার সবশেষে ১০১ এ অবস্থান আফগানিস্তানের।
এই সূচকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশ। এর এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে। দুই নম্বরে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকদের ১৮৮ দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে।
তালিকার তিন নম্বর অবস্থানে যৌথভাবে রয়েছে ইউরোপের পাঁচ দেশ। তারা হলো ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি গন্তব্যে সরাসরি যাতায়াত করতে পারেন।
চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত বিশ্বের আরও চার দেশের সঙ্গে যৌথভাবে ৫ নম্বর অবস্থানে রয়েছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে তাদের ডাটায় । প্রতি মাসে হালনাগাদ হওয়া এই সূচকটি তার ধরনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত।
ইউডি/এআর

