বিশ্বকাপ ট্রফি আসছে বুধবার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ২১:৩০
বিশ্বকাপ ফুটবল এলেই বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা একটু বেশি থাকে। সবশেষ কাতার বিশ্বকাপে এর রেষ দেখা গেছে। এবার দেখতে দেখতে সামনে আরও একটি বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপের ট্রফি অনেক দেশ প্রদক্ষিণ করছে। কাল বুধবার সকালে আসছে বাংলাদেশেও!
‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে সকালে ঢাকায় পা রাখছে বিশ্বকাপ ট্রফি। সঙ্গে আসছেন ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
ঢাকায় সংক্ষিপ্ত এই সফরে ট্রফিটি বহনকারী চার্টার্ড বিমান বুধবার সকালে ইন্ডিয়ার হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে ট্রফি গ্রহণ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তার সঙ্গে থাকবেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় ট্রফিটি নিয়ে যাওয়া হবে হোটেল র্যাডিসন ব্লু-তে। তবে সাধারণ দর্শকদের জন্য ট্রফি উন্মুক্ত থাকছে না। গত ২০২২ সালের মতো আর্মি স্টেডিয়ামে কনসার্ট বা বড় কোনও প্রদর্শনী নেই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকালে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।
জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ থাকবে কিনা এই প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম সংবাদ মাধ্যমকে বলেন, ‘খেলোয়াড়দের থাকার বিষয়টি আমরা (বাফুফে) নিশ্চিত নই। আমাদের বলা হয়েছে ট্রফি সকালে আসবে, তাবিথ ভাই রিসিভ করবেন। এরপর হয়তো বাফুফে এবং অতিথিদের জন্য আধা ঘণ্টা বা এক ঘণ্টার একটা সেশন থাকতে পারে। তারা আয়োজনটা খুবই সংক্ষিপ্ত করছে, এর বেশি কিছু নয়। তবে শেষ মুহূর্তে হয়তো কোনও পরিবর্তন হতেও পারে।
ইউডি/এআর

