শিক্ষার্থীদের অবরোধে ঢাকার পাঁচ এলাকায় তীব্র যানজট
উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৩২
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের পর থেকে এসব এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা দুপুর ১২টার পর টেকনিক্যাল মোড়, মহাখালীর আমতলী, সায়েন্স ল্যাবরেটরি ও তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
একই সময় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিব হত্যার বিচার দাবিতে ইন্দিরা রোডের মূল সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র্যাম্পের মুখে অবস্থান নেন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ইন্দিরা রোড এলাকায় যানবাহন ডাইভারশন করে বিজয় সরণির দিকে পাঠায়। পাশাপাশি এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইন্দিরা রোডের র্যাম্প সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ট্রাফিক পুলিশ জানায়, বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল ক্রসিংয়ের মাঝখানে অবস্থান নেওয়ায় ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করলে সেখানেও দীর্ঘ যানজট তৈরি হয়।
দুপুরের ব্যস্ত সময়ে একাধিক সড়ক অবরোধ হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।
ইউডি/এআর

