‘সাহস থাকলে শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক’
উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:৩৫
সাহস থাকলে দেশে এসে কথা বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে এক সাংবাদিকের প্রশ্নে তিনি এ কথা বলেন।
চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্শ্ববর্তী দেশে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় যদি সাহসী হন, তবে দেশে এসে ভোট নিয়ে কথা বলুক।
তিনি আরও বলেন, ‘যারা পালায়ে আছে, তারা দূর থেকে নানা কথা বলছে।
তাদের সাহস থাকলে দেশে আসুক। অন্য দেশে থেকে তাদের বক্তব্যের কোনো মূল্য নেই।’স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।
দেশের নিরাপত্তা বজায় রাখতে বাহিনী প্রস্তুত রয়েছে।আরাকান আর্মির সীমান্ত আইন লঙ্ঘনের প্রসঙ্গেও তিনি বলেন, রাখাইন সীমান্তে আরাকান আর্মির উপস্থিতি বাংলাদেশে সমস্যা তৈরি করছে।
মিয়ানমার সেনাবাহিনী সেখানে নেই, তবে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং কোনো ঘটনার ক্ষেত্রে প্রতিবাদ জানানো হচ্ছে।
এদিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ট্রেনিং সেন্টারে ১০৪তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবে।
ইউডি/এআর

