‘ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না’
উত্তরদক্ষিণ। শনিবার, ১৭ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৬:৩০
ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।তারেক রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে তাকে দেশ, স্বজন ও দলের নেতাকর্মীদের কাছ থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে।
তবে দূর থেকেই তিনি নেতাকর্মী ও স্বজনহারা মানুষের পাশে দাঁড়িয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন গড়ে তুলতে চেষ্টা করেছেন।
সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত ছিল বলে তিনি উল্লেখ করেন।’তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার নেতাকর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।
বিএনপির দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যার চাপ বহন করতে হয়েছে প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে। দিনের পর দিন ঘরছাড়া হয়ে থাকতে হয়েছে, পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে।
বিএনপির চেয়ারম্যান বলেন, গুম-খুনের সেই ভয়াবহ সময় পেরিয়ে দেশের মানুষ এখন আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। অনেক সন্তান এখনও অপেক্ষায় আছে—হয়তো একদিন তাদের বাবা দরজায় কড়া নাড়বে।
অনেক মা এখনও সন্তানের ফেরার আশায় দিন গুনছেন।তিনি আরও বলেন, সরকারবিরোধী আন্দোলন কখনও তীব্র হয়েছে, কখনও স্থিমিত হয়েছে। কিন্তু বিএনপি কখনও অন্যায়ের সঙ্গে আপস করেনি বা কৌশলের নামে আত্মগোপন করেনি।
অন্যায়ের বিরুদ্ধে দলটি সবসময় আপসহীন অবস্থান নিয়েছে।তারেক রহমান বলেন, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এমন দৃঢ় অবস্থান রাখতে পারে, সেই দলকে ষড়যন্ত্র করে দমন করা সম্ভব নয়।
গুম ও খুনের শিকার পরিবারগুলোর প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের বিশেষ দায়িত্ব থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গুম ও খুনের শিকার শহীদদের নামে সড়কসহ বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের ত্যাগ স্মরণে রাখতে পারে। একই সঙ্গে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য।সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ইউডি/এআর

