তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক

তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক

উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৫:৪৮

তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য সুযোগসন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

রবিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমান তার বাবা-মায়ের আদর্শ বাস্তবায়নের জন্য ১৬ বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য প্ল্যান তৈরি করেছেন। সেই প্ল্যান বাস্তবায়নের জন্য তিনি অপেক্ষা করছেন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তার প্ল্যান যাতে সফল হয়, সে জন্য আল্লাহর কাছে দোয়া করি।

তিনি বলেন, তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য সুযোগসন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে। বলা হচ্ছে হেলে পড়েছে। কিন্তু হেলে পড়েছেন আপনারা। ১০ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে আপনাদের কোনো হামলা-মামলা ছিল না। তার প্রমাণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি। এরাই চেয়েছিল নির্বাচনের আগে গণভোট ও পিআর পদ্ধতি চালু করা হোক। এখন আবার এরাই নির্বাচন কমিশন অফিসে গিয়ে বলে হেলে গেছে। এগুলো হচ্ছে নির্বাচনকে বানচাল করার একটি পূর্বাভাস।

ফারুক আরও বলেন, প্রথম প্ল্যান হবে তরুণদের মাদকাসক্তি থেকে বের করে আনা। সুশাসন প্রতিষ্ঠা করবেন তারেক রহমান। কোটি কোটি গাছ লাগানোর প্ল্যান থাকবে। জিয়াউর রহমানের মতো খাল খনন করা হবে। দেশের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। যেসব হাসপাতাল দুর্দশা অবস্থায় রয়েছে, সেগুলো উন্নত করা হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে। আমি যতটুকু রাজনৈতিকভাবে বুঝতে পেরেছি, এগুলোই তার প্ল্যান। তারেক রহমানের প্ল্যান সফল ও সার্থক হোক।

তিনি বলেন, সাংবাদিকদের লেখার স্বাধীনতা না থাকলে আসল স্বাধীনতা ক্ষুণ্ন হয়ে যাবে। সাংবাদিকদের লেখার অধিকার যেন সবসময় থাকে। এটা যেন আবারও বন্ধ হয়ে না যায়।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading