ইরানে নতুন নেতৃত্বের ডাক দিলেন ট্রাম্প

ইরানে নতুন নেতৃত্বের ডাক দিলেন ট্রাম্প

উত্তরদক্ষিণ। রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ২১:৪০

ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ৩৭ বছর ধরে চলে আসা শাসনব্যবস্থা অবসানের আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

গত কয়েক সপ্তাহ ধরে ইরানজুড়ে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে ট্রাম্প শনিবার আমেরিকার রাজনীতি বিষয়ক পলিটিকো পত্রিকাকে বলেন, “এখন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।”

খামেনির কেবলমাত্র একটি সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, “দুই দিনে ৮০০ মানুষকে ফাঁসি না দেওয়াটাই আজ পর্যন্ত তার (খামেনি) নেওয়া সবচেয়ে ভাল সিদ্ধান্ত।”

কিন্তু ইরানের শাসকগোষ্ঠী দেশ পরিচালনায় দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে যুক্তি দেখিয়ে খামেনির বিরুদ্ধে ‘দেশ পুরোপুরি ধ্বংস করা’এবং ‘নজিরবিহীন মাত্রায় সহিংসতা’ অবলম্বনের অভিযোগ করেন ট্রাম্প।

তিনি বলেন, “দেশকে সচল রাখতে হলে, তা যদি খুব নিম্ন মাত্রায়ও হয়, তাহলেও নেতৃবৃন্দর উচিত দেশ সঠিকভাবে পরিচালনার দিকে নজর দেওয়া। যেমনটি আমি আমেরিকা করছি।

নিয়ন্ত্রণ বজায় রাখতে গিয়ে আমি হাজার হাজার মানুষ মারছি না।”“নেতৃত্ব হচ্ছে সম্মানের বিষয়, ভয় আর মৃত্যুর বিষয় নয়”। খামেনিকে একজন ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প।

তিনি বলেন, “তার (খামেনি) উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা ও মানুষ হত্যা বন্ধ করা। দুর্বল নেতৃত্বের কারণে ইরান এখন বিশ্বের বসবাসের সবচেয়ে অযোগ্য স্থানে পরিণত হয়েছে।”

এর আগে শনিবারেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক্সে এক কড়া বক্তব্যে ট্রাম্পের বিরুদ্ধে ‘উস্কানিদাতাদের’ উৎসাহিত করার অভিযোগ করেছিলেন।

তিনি ট্রাম্পকে একজন ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলেন, ‘ইরানিদের প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও তাদের ওপর অপবাদের জন্য তিনিই দায়ী।”

ইরানে বিক্ষোভ শুরুর পর কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প ইরানিদেরকে বিক্ষোভ চালিয়ে যাওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘সাহায্য আসছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading