কুমিল্লায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, অফিস ভাঙচুর
উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ২২:৪৫
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির সঙ্গে জামায়াতের সংঘর্ষ হয়েছে। এতে জামায়াতের তিনটি অফিস, একটি দোকান ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে আগুন দেওয়া হয়েছে।জামায়াতের দাবি, বিএনপির কর্মীরাই এসব নাশকতা চালিয়েছে।
অপরদিকে জামায়াতকর্মীরা বিএনপির একটি অফিস ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।রবিবার (১৮ জানুয়ারি) রাতে ও সোমবার সকালে এসব ঘটনা ঘটে। নির্বাচনকে কেন্দ্র করে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ জামায়াতের।
তবে বিএনপি বলছে, আগে তাদের ওপর হামলা করে জামায়াত।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার ছাত্রীদের বহনকারী বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ছাড়া শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া তেলিপুকুর পাড়, ধনিজকরা বাজার ও কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে জামায়াতের তিনটি নির্বাচনি অফিস পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
এতে গাছবাড়িয়ায় নাছির উদ্দিনের একমাত্র উপার্জনের ক্ষেত্র মুদি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়েছে।এ ছাড়া ধনিজকরায় শাহাদাত হোসেন গোলাপের মার্কেটের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ধনিজকরায় বিএনপির কর্মী ফারুকের বাড়িতে হামলা করেন জামায়াতকর্মীরা।
এ নিয়ে সোমবার দুপুরে ধনিজকরা বাজারে উভয় পক্ষের হামলায় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী ইসমাইল, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন ও জামায়াত সমর্থক তাসকিন আহত হন।এদিকে বাসে আগুন দেওয়ার প্রতিবাদ ও দুর্বৃত্তদের গ্রেপ্তার দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে ওই মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আগুনে ক্ষতিগ্রস্ত গাছবাড়িয়ার মুদি দোকানি নাছির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুখোশ পরা মোটরসাইকেলে আসা তিনজন রাত ২টার দিকে জামায়াত অফিসের তালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এতে জামায়াত অফিস ও পাশেই আমার মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আমার ১৫ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে।ধনিজকরায় ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক শাহাদাত হোসেন গোলাপ বলেন, বিএনপির কর্মীদের আগুনে আমার মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ধনিজকরায় তাদের নির্বাচনি অফিস ভাঙচুর হয়েছে বলে প্রচার করেছেন।চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্ত চৌদ্দগ্রামকে অশান্ত করার পাঁয়তারা করছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এরই অংশ হিসাবে তারা তিনটি নির্বাচনি অফিসে আগুন দিয়েছে।চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, রবিবার রাতে জামায়াতের সশ্রস্ত্র নেতাকর্মীরা ধনিজকরায় বিএনপির সমর্থক বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
একই সঙ্গে ওই বাজারে আমাদের পার্টি অফিসও ভাঙচুর করে।চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম বলেন, কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেব।
ইউডি/এআর

