হাদি হত্যার বিচার নিয়ে তোপের মুখে আসিফ নজরুল

হাদি হত্যার বিচার নিয়ে তোপের মুখে আসিফ নজরুল

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ২২:২৫

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার বিচার নিয়ে তার সমর্থকদের তোপের মুখে পড়লেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় হত্যার বিচারে বিলম্বের অভিযোগে আইন উপদেষ্টার কাছে জবাবদিহি চান শহীদ হাদির সমর্থকরা।

সোমবার (১৯ জানুয়ারি) গাইবান্ধায় এক অনুষ্ঠানের মঞ্চে এ ঘটনা ঘটেছে। সেখানে ভোটারদের আস্থা বৃদ্ধি, অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত ও গণভোট নিয়ে ভোটারদের সচেতনতা শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি।

এ সময় চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে আসিফ নজরুল ডায়াসে থাকা মাইক্রোফোনের সামনে থেকে সরে যেতে যেতে বলেন, ‘এভাবে তো কথা বলা যাবে না।’ তিনি উত্তেজিত জনতাকে শান্ত করতে চেয়ে মঞ্চের সামনে পোস্টার হাতে নিয়ে থাকা দুজনকে পরে তার সঙ্গে কথা বলতে আসার আহ্বান জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘আপনাদের অনেক ব্যাপারে প্রশ্ন থাকবে যে, চার্জশিট এমন কেন হলো, বিচার হচ্ছে না কেন? আসিফ নজরুল স্যারকে আমরা এতো ভালোবাসতাম, উনি কী করছেন? আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনাদের এখানে দুইটা ভাই পোস্টার নিয়ে এতেক্ষণ কষ্ট করে দাঁড়ায়ে আছে।

আপনারা দুজনে আমার সঙ্গে আসবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব।’তিনি হাদির সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘আপনারা কি চান যে চার্জশিট গ্রহণ করে ফেলুক, চান? চান কি না চান?’ এরপরও হাদির বিচারের অগ্রগতি জানতে চেয়ে উপস্থিত জনতা চিৎকার করতে থাকেন।

তখন কেন চার্জশিট দিতে দেরি হচ্ছে, চার্জশিট কোন পর্যায়ে রয়েছে- আইন উপদেষ্টা হাদির সমর্থকদের সে বিষয়ে ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘ভালো করে বলি শুনেন, একটা বিচার কাজ শুরু হয় চার্জশিট দেওয়ার পর।

এই চার্জশিট করার দায়িত্ব পুলিশের, আপনাদের তো বললাম যেদিন চার্জশিট গৃহীত হয়ে যাবে, এরপর বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না। প্রতিদিন কোর্ট বসবে।’

আসিফ নজরুল আরও বলেন, ‘পুলিশের ব্যাপার দেখার দায়িত্ব যেই মন্ত্রণালয়ের, আপনাদের যে কনসার্ন আছে, আমি কথা দিচ্ছি আপনারা যেভাবে বলেছেন আপনাদের কনসার্নটা আমি ওনাদেরকে পৌঁছে দেব।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading