বয়কটের মুখে বেলজিয়ামে ‘ইসরাইলি’ রেস্তোরাঁ চেইন বন্ধ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৪০
নিজেদের শেষ রেস্তোরাঁটিও বন্ধ করে দেউলিয়া হওয়ার আবেদন করেছে আন্টভের্প-ভিত্তিক ‘ইসরাইলি’ রেস্তোরাঁ চেইন ‘বোকার তোভ’। এর মধ্য দিয়ে এক সময়ের সমৃদ্ধ এই ব্যবসার পরিসমাপ্তি ঘটল।
জর্ডান-ভিত্তিক গণমাধ্যম রয়া নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটির সম্প্রতি প্রকাশিত এ সিদ্ধান্ত দীর্ঘদিনের আর্থিক সংকটেরই ফল, যা বিভিন্ন বাহ্যিক চাপের কারণে আরও তীব্র হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে তাদের গেন্ট শাখাটি বন্ধ হওয়ার পর এবার আন্টভের্পের শেষ শাখাটিও বন্ধ হয়ে গেল।
প্রতিবেদন অনুসারে, এক সময় এই চেইনটি বেলজিয়ামজুড়ে চারটি শাখা পরিচালনা করত। এর মধ্যে আন্টভের্পে দুটি, গেন্টে একটি এবং ব্রাসেলসে একটি। আন্টভের্প শাখাটি ছিল শহরের ঐতিহাসিক ইহুদি কোয়ার্টারে, যেখানে প্রায় ২০ হাজার অর্থোডক্স ইহুদির বাস।
চেইনটি বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ইসরাইল বিরোধী বয়কট’-এর কথা, যা গাজায় ইসরাইলি হামলার পর আরও তীব্র হয়।
রেস্তোরাঁটির কর্তৃপক্ষ ‘ইহুদি বিদ্বেষ’-এর কথাও উল্লেখ করেছে। এর আগে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভার ২০২৫ সালের সেপ্টেম্বরে আন্টভের্প শাখা পরিদর্শন করে ‘ইহুদি বিদ্বেষ’-এর নিন্দা জানিয়েছিলেন।
তবে আর্থিক নথি অনুযায়ী, ২০২১ সাল থেকেই প্রতিষ্ঠানটির দেনা জমতে শুরু করে এবং আগের বছর প্রথম বারের মতো লোকসানের মুখে পড়ে। এতে ইঙ্গিত পাওয়া যায় যে ব্যবসায়িক সিদ্ধান্তগুলোই মূলত এই বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ।
এই ঘটনা এমন এক বৃহত্তর প্রেক্ষাপটে ঘটছে, যেখানে বেলজিয়াম ও ইউরোপজুড়ে ইসরাইলবিরোধী বয়কটের ঘটনা বাড়ছে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ইতোমধ্যে ৩০০টিরও বেশি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ৮৭৫ জন শিল্পী ‘ইসরাইলি’ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বয়কটে যোগ দিয়েছেন।
সূত্র: রয়া নিউজ
ইউডি/রেজা

