মেসে আপত্তিকর অবস্থায় ২ সমকামী শিক্ষার্থী আটক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৪০
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন একটি মেস থেকে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন হ্যাভেন সিটি এলাকায় অবস্থিত একটি মেসে এ ঘটনা ঘটে।মেসের অন্যান্য শিক্ষার্থীরা ওই দুইজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আটক করে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।
আটক ব্যক্তিদের মধ্যে হাফিজ হাবিপ্রবির এগ্রিকালচার অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। অপরজন অপূর্ব দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি সদ্য উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই দুইজন মেসে এসে একটি কক্ষে অবস্থান নেন। কিছু সময় পর কক্ষ থেকে সন্দেহজনক শব্দ শোনা গেলে মেসের অন্যান্য শিক্ষার্থীরা দরজায় নক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এক পর্যায়ে বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা কক্ষটি বন্ধ করে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন।খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজামউদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহার উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, ‘মেসের শিক্ষার্থীরা আমাদের অবহিত করার পর আমরা সেখানে উপস্থিত হই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন বিষয়টি স্বীকার করেন।
পরে পুলিশকে ডেকে তাদের হস্তান্তর করা হয়। যেহেতু হাফিজ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে।’
ইউডি/এআর

