ক্ষমতায় গেলে ৬৪ জেলায় যা যা করবে জামায়াত
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:২০
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিস্তারিত নীতিগত রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, তরুণ উন্নয়ন এবং আইসিটি খাতকে প্রাধান্য দিয়ে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘পলিসি সামিট-২০২৫’-এ ঘোষিত রূপরেখা ক্ষমতায় যাওয়ার পর বাস্তবায়নের কথা জানায় দলটি।
জামায়াতের রূপরেখা অনুযায়ী, স্বাস্থ্য খাতে জিডিপির ৬ থেকে ৮ শতাংশ বাজেট বরাদ্দ দেওয়া হবে। ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক নাগরিক ও ৫ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
পাশাপাশি দেশের প্রতিটি জেলায় একটি করে মোট ৬৪টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। ‘ফার্স্ট হান্ড্রেড ডেইজ প্রোগ্রাম’-এর আওতায় প্রসূতি নারী ও মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ‘স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড’ চালুর পরিকল্পনা করা হয়েছে।
এই কার্ডের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র, টিআইএন, স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবা একত্রে অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহের ঘোষণা দেওয়া হয়েছে।শিল্প ও অর্থনীতি খাতে প্রণোদনা দিতে প্রথম তিন বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বন্ধ কলকারখানা পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পুনরায় চালু করা হবে এবং এসব প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য ১০ শতাংশ মালিকানা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
ইউডি/এআর

