ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন হবে: তারেক রহমান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২০ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২২:৫৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে বিএনপি সারা দেশে ২০ হাজার কিলোমিটারের মতো খাল খনন করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
ট্রাফিক সমস্যা নিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা সমাধান অনেকটাই সম্ভব।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঢাকা শহরের বাসিন্দারাও এখন খাল খননের প্রয়োজনীয়তা বোধ করছেন৷ কারণ একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।
ঢাকার সবুজায়ন কমেছে উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে সবুজ কমে গেছে আগের তুলনায়। মনে হয়েছে ঢাকার সবকিছু শুকনো হয়ে গেছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপন করতে চাই আমরা।
প্রত্যেক উপজেলায় সরকারি-বেসরকারি নার্সারি সক্ষমতা বাড়িয়ে সে লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশব্যাপী পরিবেশকে সহায়তা করবে এমনভাবে বনায়নের পরিকল্পনা চলছে।
ইউডি/এবি

