সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:২০
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫”-এর লিখিত পরীক্ষার ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।গত ৫ ও ১২ নভেম্বর ২০২৫ তারিখে জারিকৃত বিজ্ঞপ্তির আলোকে তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারাদেশে ১ হাজার ৪০৮টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হয়।এ নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে।
এর মধ্যে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।পরীক্ষা গ্রহণ কার্যক্রম জেলা প্রশাসকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
মন্ত্রণালয় কর্তৃক নিয়োগকৃত মনিটরিং কর্মকর্তা, জেলা পুলিশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কোনো জেলা থেকে অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।তবে কঠোর নজরদারির কারণে অসদুপায় অবলম্বন ও অবৈধ ডিভাইস ব্যবহারের অভিযোগে দুই শতাধিক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার সঙ্গে জড়িতদেরও বিভিন্ন সংস্থা আটক করে মামলা দায়ের করেছে।
এদিকে, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে দেড় শতাধিক ব্যক্তি প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন।
এসব অভিযোগ গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হলে পূর্ণাঙ্গ তদন্ত শেষে অভিযোগগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেওয়া হয়।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল দ্রুত প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
ইউডি/এআর

