মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান
উত্তরদক্ষিণ। শুক্রবার (২৩ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২৩:৫০
মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অতীতে দেশের মানুষ যতবার ধানের শীষকে নির্বাচিত করেছেন, ততবারই উন্নয়ন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকের বিআরবি মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী তারেক রহমানের এটা প্রথম নির্বাচনী সমাবেশ।
গত বৃহস্পতিবার তিনি হযরত শাহ জালাল (রহ) ও হযরত শাহ পরান (রহ) মাজার জিয়ারতের পর সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচার শুরু করেন।
ভাষানটেকে সমাবেশে তারেক রহমান বলেন, ৫ আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি, সারা দেশের মানুষ পরিবর্তন চায়, ভালো পরিবর্তন চায়।
এলাকার মানুষের কী কী সমস্যা তা জানার জন্য সমাবেশ স্থল থেকে নিজে মাইক নিয়ে ভাষানটেকের বাসিন্দা, তরুণ শিক্ষার্থী, প্রান্তিক শ্রমজীবীসহ বিভিন্ন স্তরের একজন করে ব্যক্তি ও নারীকে খুঁজে খুঁজে ডেকে আনেন তিনি। তাদের কাছে এলাকার সমস্যাগুলো জানতে চান। তারা বলেছেন, ভাষানটেকে বস্তিবাসীদের পুনর্বাসন, নারীদের জন্য কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড চান।
জবাবে তারেক রহমান বলেন, আমিও এই এলাকায় বড় হয়েছি। যদিও অনেকদিন বাইরে থাকতে হয়েছে আমাকে, তারপরও আমি আপনাদেরই একজন। স্বাভাবিকভাবেই আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি। আমি আপনাদের এতটুকু বলতে পারি, ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছেন, বস্তিবাসীদের পুনর্বাসনসহ অন্য যে সমস্যাগুলো বলে গেছেন ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব।
ইউডি/এবি

