বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
উত্তরদক্ষিণ। শনিবার (২৪ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২৩:২৫
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড।
শনিবার (২৪ জানুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বলছে, আগেই প্রকাশিত সূচি অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ টিমের পরিবর্তে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে। ওই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করছে ইন্ডিয়া ও শ্রীলঙ্কা, যা শুরু আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ ভারতে হওয়ার কথা। সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে ইন্ডিয়ায় না খেলার কথা জানায় বিসিবি। এই সংক্রান্ত একটি চিঠি আইসিসিকে পাঠায় তারা।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের এত কাছে এসে বিসিবির অনুরোধ পূরণ করা সম্ভব নয়। তাই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতে তাদের নির্ধারিত ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবি যে উদ্বেগ প্রকাশ করেছিল, তা দূর করার জন্য আইসিসি একটি বিস্তৃত প্রক্রিয়া অনুসরণ করে এই সিদ্ধান্ত নেয়।
ইউডি/এবি

