সিইসির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:১০
আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রবিবার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
তিনি বলেন, গত বছরের ২৭ আগস্ট হাইকোর্ট কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আবেদন প্রধান নির্বাচন কমিশনারকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিলেন। সিইসি আদালতের আদেশ বাস্তবায়ন করেননি। এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়।
ইউডি/রেজা

