সেহরি-ইফতার: ঢাকার সঙ্গে ৯ মিনিট যোগ-বিয়োগের তথ্য সঠিক নয়

সেহরি-ইফতার: ঢাকার সঙ্গে ৯ মিনিট যোগ-বিয়োগের তথ্য সঠিক নয়

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:০০

পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বিভ্রান্তি ছড়িয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ঢাকার সময়ের সঙ্গে দেশের অন্যান্য এলাকায় সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করার যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে স্পষ্ট করেছে সংস্থাটি।

রবিবার (২৫ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটি চলতি বছর (১৪৪৭ হিজরি) পবিত্র রমজানের জন্য সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে, যা দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপাও হয়েছে।

তবে কিছু গণমাধ্যম ভুলভাবে দাবি করেছে—ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সময়সূচি অনুসরণ করে অন্যান্য জেলার মানুষ ভৌগোলিক অবস্থান অনুযায়ী ৯ মিনিট পর্যন্ত সময় যোগ বা বিয়োগ করবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, তাদের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য বা নির্দেশনা দেননি। বাস্তবে সংস্থাটি দেশের সব ৬৪ জেলার জন্য পৃথক সেহরি ও ইফতারের সময়সূচি প্রণয়ন করেছে। ফলে ঢাকার সময়ের সঙ্গে কোনো মিনিট যোগ বা বিয়োগ করার প্রয়োজন নেই।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক জেলার রোজাদারদের নিজ নিজ জেলার জন্য নির্ধারিত সময়সূচি অনুসরণ করতে হবে।

এ বিষয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং সেহরি ও ইফতার সময়সূচি প্রণয়ন কমিটির আহ্বায়ক মুফতী আবদুল মালেক বলেন, ‘অন্যান্য জেলার মানুষ ঢাকা জেলার সময়সূচির সঙ্গে কোনো মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার করবেন না।

প্রত্যেক এলাকার মানুষ তার নিজ জেলার জন্য প্রণীত ও প্রকাশিত সময়সূচিই অনুসরণ করবেন।’ইসলামিক ফাউন্ডেশন বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading