ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১০, নিখোঁজ ৮০

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১০, নিখোঁজ ৮০

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:২৫

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৮০ জন।

শনিবার সকালে ভূমিধসের পর রোববার ফের নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পশ্চিম জাভার ওয়েস্ট বান্দুং জেলার পাসিরলাঙ্গু গ্রামে আবাসিক এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে। আগের দিন থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় মাটি সরে গিয়ে এ বিপর্যয় সৃষ্টি হয়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, আগামী এক সপ্তাহ পশ্চিম জাভাসহ দেশের আরও কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

পাসিরলাঙ্গু গ্রামের বাসিন্দা ৩৬ বছর বয়সী দেদি কুরনিয়াওয়ান রয়টার্সকে বলেন, “এটাই আমার জীবনে দেখা সবচেয়ে বড় ভূমিধস।

সাধারণত কাছের নদী থেকে ছোটখাটো বন্যা হয়, কিন্তু এবার পাহাড়ের জঙ্গল দিক থেকেই মাটি নেমে এসেছে।”স্থানীয় গণমাধ্যম কম্পাস টিভির খবরে বলা হয়েছে, শনিবার উদ্ধারকাজ ব্যাহত হয় দুর্গম ও অস্থিতিশীল ভূমি এবং টানা বৃষ্টির কারণে।

ঝুঁকির কারণে ভারী যন্ত্রপাতিও পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি।এদিকে পশ্চিম জাভার বিভিন্ন এলাকায় একযোগে বন্যার খবর পাওয়া গেছে, যার প্রভাব পড়েছে রাজধানী জাকার্তাতেও।

বন্যাকবলিত এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে, অনেককে সাময়িক আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর মাত্র দুই মাস আগেই ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন।

ওই দুর্যোগে লক্ষাধিক মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়।কর্তৃপক্ষ আশঙ্কা করছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading