ছাত্রলীগ নেতা সাদ্দামের ‘প্যারোলে মুক্তি’ ইস্যুতে যা বলল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১
স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (২৫ জানুয়ারি) এ বিষয়ে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাদ্দামের পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির জন্য কোনো লিখিত আবেদন দাখিল করা হয়নি।
বিবৃতিতে বলা হয়, পরিবারের মৌখিক অভিপ্রায়ের ভিত্তিতেই সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারের জেলগেটে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
মানবিক দিক বিবেচনায় যশোর জেলা প্রশাসন ও যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল—এমন তথ্য প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত বিবৃতিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার সমুন্নত রাখার প্রত্যাশা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইউডি/এআর

