দল ঘোষণা করলেও সরকারের সিদ্ধান্তেই নির্ধারণ হবে পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যত
উত্তরদক্ষিণ। রবিবার (২৫ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২২:৩০
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে দলটি। আকিব জাবেদ জানিয়েছেন, নির্বাচক হিসেবে তারা তাদের কাজটা করেছেন। পিসিবির নির্বাচক দলের সদস্যের মতে, বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। পাশাপাশি সরকার চাইলে ইন্ডিয়া ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বয়কট করতে পারে পাকিস্তান, এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন পিসিবির চেয়ারম্যান।
নিরাপত্তা ঝুঁকির কারণে ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনদের ম্যাচগুলো ইন্ডিয়া থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। কয়েকবার চিঠি চালাচালির পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কয়েক দফা বৈঠক করে তারা। তবে বাংলাদেশের পরিস্থিতির কথা তেমন আমলে নেয়নি আইসিসি।
ক’দিন আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এক বোর্ড সভায় বাংলাদেশ ইস্যুতে ভোটাভুটি হয়, আর সেখানেই হেরে যায় বাংলাদেশ। ১৫ ভোটের মধ্যে কেবলমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়েছে। বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছিল পাকিস্তান। গুঞ্জন উঠেছিল, আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয়, তাহলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। গতকালও এমন ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান।
ইউডি/এবি

