মির্জা আব্বাস সন্ত্রাসী ভাড়া করে হামলা করিয়েছে: নাসীরুদ্দীন পাটোয়ারী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, আপডেট ১:৫৫
রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারণাকালে হামলার শিকার হয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। এই হামলার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে সরাসরি দায়ী করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এই অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘মির্জা আব্বাস ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে আমার ওপর হামলা করিয়েছেন। আজকের এই ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে প্রমাণ হলো মির্জা আব্বাস এখনো সন্ত্রাসের রাজনীতি ছাড়তে পারেননি। তার বাহিনীর এই কর্মকাণ্ড দেশের মানুষের সামনে তার আসল চেহারা উন্মোচন করেছে।’
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপরাধে মির্জা আব্বাসকে অবিলম্বে বিএনপি থেকে বহিষ্কারের অনুরোধ জানাচ্ছি।’
হামলার বিচার জনগণের ওপর ছেড়ে দিয়ে তিনি আরও বলেন, “আমি এই হামলার বিচার দেশের সাধারণ মানুষের কাছে দিলাম। ১২ তারিখের নির্বাচনে ভোটাররা ব্যালটের মাধ্যমেই এই গুণ্ডামির জবাব দেবেন। ঢাকা-৮ আসনের সচেতন জনগণ ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের রায় জানিয়ে দেবেন।”
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে অতিথি হিসেবে যান নাসীরুদ্দীন পাটোয়ারী।
সেখানে প্রচারণা চলাকালে তাকে লক্ষ্য করে অতর্কিত ডিম নিক্ষেপ করা হয় এবং লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।নাসীরুদ্দীন পাটোয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ দাবি করেন, ছাত্র নামধারী কিছু ব্যক্তি, যারা মূলত মির্জা আব্বাসের অনুসারী, তারা শিক্ষার্থীরূপে এসে এই অতর্কিত হামলা চালায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, হামলার সময় এক পক্ষ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছে, অন্যদিকে নাসীরুদ্দীনের সমর্থকরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিচ্ছেন।
এই ঘটনায় পুরো কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।শেষ খবর পাওয়া পর্যন্ত, হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউডি/এআর

