তারেক রহমানের সম্মতিতেই পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৫০
মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতেই নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকার ফকিরাপুল মোড়ে পারাবাত হোটেলের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে নাহিদ এ মন্তব্য করেন।
বিএনপি নেতাদের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি আওয়ামী লীগের কায়দায়, সন্ত্রাসী কায়দায় প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, তবে আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্য কী? আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মঞ্চে জয় বাংলা স্লোগান দিচ্ছেন।
কিন্তু মনে রাখবেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না।বিএনপির অতীতের আন্দোলন ও বর্তমান অবস্থানের তুলনা করে নাহিদ বলেন, ২০১৮ সালে আপনারা মাঠে নামতে পারেননি, ২৮ অক্টোবর তিন মিনিটও দাঁড়াতে পারেননি।
তখন আমরা আপনাদের সহানুভূতি জানিয়েছি। কিন্তু এখন আপনারা সমালোচনা সইতে পারছেন না। নাসীরুদ্দীন পাটওয়ারীকে আপনারা বেয়াদব বলছেন, তার দোষ থাকতে পারে। সমালোচনা হতে পারে। মির্জা আব্বাসেরও দোষ থাকতে পারে।
তার সমালোচনা করা যাবে না- এমন কোনো নির্দেশনা জারি হয়নি। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি জনগণই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবে—কে বেয়াদব আর কে গ্যাংস্টার।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘যদি আঘাত হয়, তাহলে পাল্টা আঘাত আসবে। একদলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্যদলের প্রার্থীদের ওপরেও ডিম পড়বে।
আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না। তবে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে, তবে আমাদের যা করণীয় আমরা তাই করব।
নাহিদ বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করার চেষ্টা করবেন- এইটা আমরা বাংলাদেশে হতে দেব না। আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি নির্বাচন কমিশনের প্রতি। আমরা দেখতে চাই এটার ব্যবস্থা তারা কী নেয়।
কলেজ প্রশাসন এটার কী ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এটার কী ব্যবস্থা নেয়। এরপরে বাকি জবাব আমরা জনগণকে নিয়ে ১২ ফেব্রুয়ারি ইলেকশনে দিবো।
ইউডি/এআর

