অভিনয়ের বাইরেও নতুন উদ্যোগে জুটি হলেন তৌসিফ ও তিশা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ০৮:২০
ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। বহু নাটকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাদের। একসঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন এখনও। পর্দার পাশাপাশি বাইরে দুজন একে অপরের বেশ ভালো বন্ধুও। তাই কাজের বাইরেও তাদের রয়েছে সম্পর্কের। এই দুই বন্ধু এবার এক সঙ্গে নতুন পথে পা রাখলেন। শুরু করলেন নতুন অধ্যায়ের গল্প। দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি ফুটওয়্যার ব্র্যান্ড শুভেচ্ছাদূত হয়ে পথচলা শুরু করলেন তারা।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে তাদের নতুন এই পথচলার আনুষ্ঠানিক ঘোষণা ও নানা বিষয়ে জানানো হয়। সেখানে তৌসিফ মাহবুব বলেন, স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। শুরু থেকেই ব্র্যান্ডটির দর্শন, মূল্যবোধ ও এর পেছনে মানুষদের সঙ্গে আমি একটি গভীর সংযোগ অনুভব করেছি। এটি কেবল কোনো চুক্তিভিত্তিক সম্পর্ক নয়; স্টেপ ফুটওয়্যারকে আমি প্রতিনিধিত্ব করি, কারণ আমি সত্যিই এর মান, সততা ও সম্ভাবনায় বিশ্বাস করি। একটি দেশি ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে স্বাচ্ছন্দ্য, আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্যতার যে প্রতিচ্ছবি স্টেপ তুলে ধরে, তা আমার ব্যক্তিগত জীবনবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সততা ও উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়ে স্টেপ ফুটওয়্যার খুব শিগগিরই দেশের অন্যতম শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।’
তিশা বলেন, “স্টেপ ফুটওয়্যার একটি আধুনিক, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য দেশি ব্র্যান্ড, যার প্রতিটি পণ্যে গুণগত মান ও নান্দনিকতার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত, কারণ স্টেপ কেবল ট্রেন্ডি ফ্যাশন নয়– গ্রাহকের স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সততা ও উদ্ভাবনী চিন্তার যে শক্তি স্টেপ ফুটওয়্যারের রয়েছে, তাতে আমার দৃঢ়বিশ্বাস– খুব অল্প সময়ের মধ্যেই তারা দেশের ফুটওয়্যার শিল্পে এক অনন্য ও ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।”
ওই আয়োজনে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির ও এ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম ছিলেন। এদিকে তানজিন তিশা ব্যস্ত রয়েছেন সোলজার সিনেমার শুটিং নিয়ে। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। এতে তিনি নায়ক হিসেবে পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানকে। অন্যদিকে তৌসিফ বিগ বাজেটের নাটকে অভিনয় করছেন। আগামী ঈদের জন্য বড় বড় কিছু প্রজেক্ট নিয়ে চলছে তাঁর ব্যস্ততা। শিগগিরই সেগুলোর শুটিং অংশ নেবেন তিনি।
ইউডি/কেএস

