‘জামায়াতের মুখে এক, কাজে আর এক’
উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৫০
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেছেন, দলটির কথায় ও কাজে কোনো মিল নেই। তারা গোপনে বিদেশি শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে যা সাধারণ মানুষের কাছে আজ স্পষ্ট।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন পুলিশ লাইনস এলাকায় এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রেজাউল করীম অভিযোগ করেন, জামায়াতে ইসলামী একদিকে ইসলামের কথা বলে, অন্যদিকে গোপনে বিভিন্ন বিদেশি দূতাবাসে বৈঠক করে।
তিনি বলেন, ‘তারা আমাদের সামনে এক কথা বলে, আর গোপনে গিয়ে আমেরিকা ও ভারতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। বৈঠক করতেই পারে, কিন্তু তা গোপনে কেন? এই গোপনীয়তার মধ্যেই ষড়যন্ত্র লুকিয়ে আছে।’
বিগত শাসন আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। তিনি প্রশ্ন তোলেন, যারা আগে ব্যর্থ হয়েছে তারা নতুন করে কীভাবে শান্তি ও উন্নয়নের নিশ্চয়তা দেবে?
বাংলাদেশের মানুষ আর ধোঁকায় পড়বে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।নির্বাচনী সমঝোতা প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর তারা চেয়েছিলেন ইসলামি শক্তিগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে।
কিন্তু নীতিগত অবস্থান ও নেতৃত্ব নিয়ে মতবিরোধের কারণে সেই সমঝোতা সম্ভব হয়নি।তিনি দাবি করেন, এক শ্রেণির ক্ষমতালোভী প্রচলিত আইনেই দেশ চালাতে চায়, যা আদতে সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি।
এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।নরসিংদী-১ আসনের প্রার্থী আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রেজাউল করীম ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে সত্যিকারের পরিবর্তন আনতে হলে ইসলাম ও দেশপ্রেমিকদের হাতপাখা প্রতীকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় নরসিংদী-২, ৩ ও ৫ আসনের প্রার্থীরাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা ৫৪ বছরের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
ইউডি/এআর

