পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি–না, চূড়ান্ত সিদ্ধান্ত আজই
উত্তরদক্ষিণ। রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৩৩
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল অংশ নেবে কি–না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজই (১ ফেব্রুয়ারি) আসতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে এমন খবরই জানিয়েছে জিও নিউজ।
সূত্রগুলো আরও জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ সন্ধ্যা ৬টায় (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকেই টুর্নামেন্টে ‘মেন ইন গ্রিন’দের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের দাবি মেনে নিয়ে তাদের ম্যাচের ভেন্যু ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ প্রত্যাখ্যান করার পর পিসিবি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেয়। নিরাপত্তা উদ্বেগজনিত কারণে বাংলাদেশ ইন্ডিয়ায় বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানালে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের বাদ পড়ার পরই পাকিস্তানের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
এরপর গত ২৬ জানুয়ারি পিসিবি প্রধান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন, সেখানে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সূত্র জানিয়েছে, আজকের পিসিবি প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পরই টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এছাড়া, ‘অনিবার্য কারণ’-এর কথা বলে যে জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত রাখা হয়েছিল, অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হলেই সেটিও প্রকাশ করা হতে পারে।
বিশ্বকাপে অংশ না নিলে কী করা হবে, সে বিষয়েও একটি বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছে পিসিবি। সে ক্ষেত্রে লাহোরে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছে সূত্র।
পাকিস্তান অনূর্ধ্ব–১৮ দল ও শাহিনস অনূর্ধ্ব–১৮ দলকে ভাগ করে চারটি দল গঠন করা হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ইন্ডিয়ার সম্পর্কও উত্তেজনাপূর্ণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভের মুখে দেশ ছেড়ে নয়াদিল্লিতে আশ্রয় নেওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বেড়েছে।
এই রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রিকেটেও। বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে নিলাম থেকে দলে ভেড়ালেও বিসিসিআইয়ের নির্দেশনা মেনে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয় এবং বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানানো হয়।
এই অচলাবস্থা দক্ষিণ এশীয় ক্রিকেটের আগের উত্তেজনার কথাই মনে করিয়ে দেয়। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বিসিসিআই রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান সফরে না যাওয়ার নীতিতে অনড় ছিল। ২০২৩ এশিয়া কাপের মতোই চ্যাম্পিয়ন্স ট্রফি বাঁচাতে একটি ‘হাইব্রিড মডেল’ গ্রহণ করা হয়েছিল, যেখানে ভারত তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলে।
২০২৭ সাল পর্যন্ত কার্যকর ওই চুক্তি অনুযায়ী, যেকোনো আইসিসি ইভেন্টে ইন্ডিয়া-পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলবে। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইউডি/রেজা

