বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত
উত্তরদক্ষিণ। রবিবার (০১ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৪০
টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরকারের সঙ্গে পিসিবির আলোচনায় আসন্ন বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়েছে। তবে বিশ্বকাপে অংশ নিলেও ইন্ডিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষিত এই সিদ্ধান্ত এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার পর। নিরাপত্তা উদ্বেগজনিত কারণে বিসিবি ইন্ডিয়ায় দল পাঠাতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানালেও আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।
পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, ‘পাকিস্তান ইসলামিক রিপাবলিকের সরকার আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন প্রদান করছে।’
তবে একই সঙ্গে জানানো হয়, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইন্ডিয়ার বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’
ইউডি/এবি

