সাংবাদিকের সঙ্গে বিসিবি পরিচালক পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময়, সংবাদ সম্মেলন বর্জন

সাংবাদিকের সঙ্গে বিসিবি পরিচালক পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময়, সংবাদ সম্মেলন বর্জন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৪০

সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন সাবেক ক্রিকেটার এবং বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। উত্তপ্ত পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিকরা। আজ (৩ ফেব্রুয়ারি) বিসিবির গ্রাউন্ডস কমিটির এক ব্রিফিংয়ের সময় এ ঘটনা ঘটে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় বেলা ১২টার দিকে। সেখানে মাঠ নিয়ে বিসিবির গ্রাউন্ডস কমিটির কয়েকটি প্রজেক্ট সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান এই বিভাগের চেয়ারম্যান পাইলট।

তবে বিপত্তির শুরু হয় সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বের সময়।বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সম্প্রতি বেশকিছু বিধিনিষেধ তৈরি করেছে বিসিবি।

সংস্থাটির মতে, নিরাপত্তা ইস্যুর কারণে সাংবাদিকদের জন্য প্রবেশের সময় এভাবে বেধে দেয়া হয়েছে। অনুমিতভাবেই সংবাদ সম্মেলনের শেষে এ নিয়ে প্রশ্ন আসে। সাংবাদিকদের প্রবেশে ‘নিরাপত্তা ঝুঁকি’ ঠিক কোথায়, সেটা স্পষ্টভাবে বিসিবি কর্তাদের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেননি।

এসময় এক সাংবাদিক বিষয়টি জোরালোভাবে উত্থাপন করলে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট জানান, সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি ভালো লাগেনি তার, সে কারণে তিনি উত্তর দিতে চান না। ভিউ বাড়ানোর জন্য ওই সাংবাদিক এমন প্রশ্ন করছেন বলে জানান পাইলট।

পাইলট আরও জানান, সাংবাদিকদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া কিংবা না দেয়ার বিষয়টি তার সংশ্লিষ্ট বিভাগের বিষয় নয়, তাই এই বিষয়ে তিনি কিছু জানাতে পারছেন না। গ্রাউন্ডস কমিটির নতুন যে প্রজেক্টগুলোর উদ্যোগ নেয়া হয়েছে, সেগুলো সাংবাদিকরা সরেজমিনে দেখতে পারবেন কিনা, এমন প্রশ্ন এলে সেটারও কোনো সদুত্তর দিতে পারেননি সাবেক টাইগার ক্রিকেটার। শুধু তাই নয়, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে মাঠ সংক্রান্ত নতুন প্রজেক্টের বাজেট নিয়ে জানতে চাওয়া হলে সেই প্রশ্নও এড়িয়ে যান তিনি।

শেষমেশ ওই এক সাংবাদিকের প্রশ্ন করার ধরণকে অনুপযুক্ত মন্তব্য করে ব্রিফিংস্থল ত্যাগ করেন পাইলট এবং রাজ্জাক। তবে একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং ‘নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদেরকে শঙ্কা’ হিসেবে চিত্রায়িত করার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সাংবাদিকরা।

সে কারণে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন তারা। সাংবাদিকদের প্রতি বিসিবির এমন আচরণকে অপমানজনক বলেও মন্তব্য করেন অনেকে। এ ঘটনায় বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading