নতুন নামে আসছে র্যাব
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:০০
র্যাপিড একশন ব্যাটেলিয়ন বা র্যাবের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী৷
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় র্যাবের নাম ও পোশাক সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়েছে। সংস্থাটিকে নতুনভাবে গঠন করার উদ্যোগ নেওয়া হবে।
র্যাবের নাম ও পোশাক নির্ধারণের বিষয়ে সর্বস্তরের মতামত সংগ্রহ করা হচ্ছে।
আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উপদেষ্টা বলেন, ‘র্যাব পুনর্গঠনে জন্য প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে সভাপতি করে একটা কমিটি গঠন করা হয়েছিল।
সেই কমিটির র্যাবের নতুন নাম সুপারিশ করেছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। প্রধান উপদেষ্টা সেটি অনুমোদন দিয়েছেন। এটি আজকে থেকেই কার্যকর হবে। এই বাহিনীটির কার্যক্রম নতুনভাবে শুরু হবে।
এ বিষয়ে সরকারি একটা অর্ডার হবে।’এতে র্যাবের কাজের মানে পরিবর্তন আসবে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আপনারা দেখছেন যে তাদের কাজের মানে পরিবর্তন ইতিমধ্যে চলেও আসছে।
আপনি যদি তাদের দেড় বছর আগের কাজের মান দেখেন আর এখন দেখেন, সেটার মধ্যে পরিবর্তন অনেক এসেছে।‘
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী বলেন, ‘মানুষ ওই (র্যাব) নামটাকে খারাপ মনে করত, এজন্য নাম পরিবর্তন করা হয়েছে।’
নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে সাভারে মহড়া অনুষ্ঠিত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ইউডি/এআর

