সেনা সদস্যদের সঙ্গে তর্কের ভিডিও ভাইরাল, দুঃখ প্রকাশ জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের

সেনা সদস্যদের সঙ্গে তর্কের ভিডিও ভাইরাল, দুঃখ প্রকাশ জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৫০

ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যানসহ প্রবেশ করাকে কেন্দ্র করে দায়িত্বরত সেনা সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ডা. খালিদুজ্জামান তার গানম্যানসহ ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনা সদস্যরা তাকে বাধা দেন। সেনাসদস্যরা তাকে জানান, নিয়ম অনুযায়ী ক্যান্টনমেন্টের ভেতরে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ।

এ নিয়ে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে প্রার্থীকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।

এই ঘটনার ব্যাখ্যায় ডা. খালিদুজ্জামান ফেসবুকে লেখেন, ‘বেশকিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।’

তিনি আরও দাবি করেন, বিষয়টি তখনই সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এই ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে এবং পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে।

পোস্টের শেষে তিনি এই ঘটনার জন্য অনুতপ্ত হয়ে বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয়, সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।’

আরেকটি পোস্টে তিনি বলেন, ‘ক্যান্টনমেন্ট এরিয়ার মর্যাদা সমুন্নত রাখা আমার দায়িত্ব।’

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তাৎক্ষণিক সমাধান হয়েছে। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading